
আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ সাম্প্রতিক সংঘর্ষের ঘটনার পর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনভর শান্ত ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস, এর মধ্যে প্রশাসনের কাছে জকসুর ৯ দফা দাবি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
ক্যাম্পাসের প্রতিটি প্রবেশপথে শিক্ষার্থীদের পরিচয়পত্র (আইডি কার্ড) যাচাই করে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সহসভাপতি (ভিপি) রিয়াজুল ইসলামের নেতৃত্বে জকসুর নেতারা ক্যাম্পাসে এসে নিজ কার্যালয়ে অবস্থান নেন। পরে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ একটি অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। জকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনের হাতে অ্যাম্বুলেন্সটির চাবি তুলে দেওয়া হয়।
এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে জকসু নয় দফা দাবি উত্থাপন করে। দাবিগুলোর মধ্যে রয়েছে—সাম্প্রতিক হামলার সুষ্ঠু বিচার, প্রক্টরের পদত্যাগ, নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত, হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনা, বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রণ, ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন এবং ক্যাম্পাসে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা।
আরও পড়ুনঃ শিক্ষক সমিতির বিবৃতিতে হাসপাতালে অবরুদ্ধ হওয়ার ঘটনা না থাকায় অধ্যাপক বিলাল’র ক্ষোভ
স্মারকলিপি প্রদান শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে কেন্দ্র করে সংঘটিত হামলায় ৭০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিন কার্যদিবসের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সংবাদ সম্মেলন শেষে জকসুর নেতারা ক্যাম্পাস ত্যাগ করেন। তবে দিনভর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বহাল ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রক্টোরিয়াল টিমকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করতে দেখা যায়।



