
দেশে ফিরে টানা দুই দিন ব্যস্ত সময় পার করার পর শনিবার (২৭ ডিসেম্বর) একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে অন্যতম কর্মসূচি হিসেবে রয়েছে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে শুক্রবার রাতে জানানো হয়, শনিবার বেলা ১১টায় তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবি নজরুল ইসলামের কবরের পাশে শায়িত শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এ সময় তার সঙ্গে বিএনপি মহাসচিবসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
কবর জিয়ারত শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রমে অংশ নিতে নির্বাচন কমিশনে যাবেন বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা
এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোঁজখবর নিতে তিনি রাজধানীর পঙ্গু হাসপাতাল, অর্থাৎ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন।
বিএনপির নেতারা জানিয়েছেন, এসব কর্মসূচির মধ্য দিয়ে তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আন্দোলনে আহতদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করবেন।



