
সারা দেশের মানুষ জানে ‘হ্যাঁ’ ভোটে সিল দিলে দেশে আর কোনো স্বৈরাচার ফিরে আসবে না, অনাচার ও অত্যাচার হবে না এবং ব্যাংকের টাকা লুট করে নিয়ে যাওয়ার সংস্কৃতিও বন্ধ হবে—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার ঢাকার ধামরাই উপজেলার বাটুলিয়া এলাকার বোচাই চাঁন পাগলার মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এ সময় শফিকুল আলম বলেন, বাংলাদেশে ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোট চাইছেন। সারাদেশজুড়ে একটি উৎসবমুখর নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে, যা গণতন্ত্রের জন্য ইতিবাচক বার্তা বহন করে।
তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে এমন একটি শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের মৌলিক অধিকার অক্ষুণ্ন থাকবে এবং কাউকে গুম বা নিপীড়নের শিকার হতে হবে না।
সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব হলেও এর পাশাপাশি এটি দেশের সকল নাগরিক ও রাজনৈতিক দলগুলোরও সম্মিলিত দায়িত্ব। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের নিরাপদে কাজ করার সুযোগ থাকা অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুনঃ হাসিনা রেখে যাওয়া নেতাকর্মীর পাশে থাকার ঘোষণা মির্জা ফখরুলের
সারাদেশে জামায়াতে ইসলামী ও মহিলা নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে শফিকুল আলম বলেন, কোথাও কোনো হামলার ঘটনা ঘটলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার এ ধরনের ঘটনায় আইনের শাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
এ সময় ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদোয়ান আহাম্মেদ রাফিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



