
ঢাকা প্রতিনিধি: সংসদীয় বিশেষ কমিটি অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই শেষে প্রতিবেদন তৈরি করেছে যেখানে বিএনপি গুরুত্বপূর্ণ ২০টি অধ্যাদেশ বিলুপ্ত করার সুপারিশ করেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এই প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে ২০টি অধ্যাদেশ বিলুপ্ত বা স্থায়ীভাবে বাতিল করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ কার্যকারিতা ও প্রয়োজনীয় সংশোধনের বিষয়েও বিস্তারিত রূপরেখা তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, পর্যালোচিত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি কোনো পরিবর্তন ছাড়া বহাল রাখার সুপারিশ করা হয়েছে। ১৫টি অধ্যাদেশ প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে কার্যকর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, ২০টি অধ্যাদেশ বিলুপ্ত বা বাতিলের সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই ২০টির মধ্যে ১৬টি অধ্যাদেশ ভবিষ্যতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিল আকারে সংসদে উত্থাপন করতে পারে এবং ৪টি অধ্যাদেশ স্থায়ীভাবে বাতিল রাখার সুপারিশ করা হয়েছে।
আরও পড়ুনঃ এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ানোয় জামায়াতে তীব্র নিন্দা
প্রতিবেদন সর্বসম্মত হলেও, ২০টি অধ্যাদেশের বিষয়ে কমিটির বিরোধী দলীয় সদস্যরা দ্বিমত পোষণ করেছেন এবং ‘নোট অব ডিসেন্ট’ প্রদান করেছেন। তারা আপত্তি তুলেছেন অপরিবর্তিত রাখার ৪টি অধ্যাদেশ, সংশোধনের সুপারিশ করা ২টি অধ্যাদেশ, বাতিল করে পুনরায় বিল আকারে আনার ১১টি অধ্যাদেশ এবং স্থায়ীভাবে বাতিলের ৩টি অধ্যাদেশকে কেন্দ্র করে।
সংসদীয় কমিটির এই প্রতিবেদন হাউসে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য উপস্থাপন করা হবে। সূত্রের খবর, অন্তর্বর্তীকালীন সরকারের আইনি পদক্ষেপগুলোকে স্থায়ী রূপ দিতে এই যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।



