
আলোকিত দর্পণ, নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ২ লাখ ৩১০ জন প্রবাসী বাংলাদেশি। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে শনিবার (৬ ডিসেম্বর) প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেটে এ তথ্য জানানো হয়েছে।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, নিবন্ধিতদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ১০৮ জন এবং নারী ভোটার ১৯ হাজার ২০২ জন।
প্রবাসী ভোটার নিবন্ধনে শীর্ষে রয়েছে সৌদি আরব। দেশটি থেকে আবেদন এসেছে ৪০ হাজার ৭৬৬ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ হাজার ২২৮ জন নিবন্ধন করেছেন যুক্তরাষ্ট্র থেকে। তৃতীয় সর্বোচ্চ আবেদন এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে— সংখ্যা ১১ হাজার ৪৬৫।
প্রবাসীদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন প্রক্রিয়া চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। এর আগে ইসি জানিয়েছিল, ১৮ ডিসেম্বর পর্যন্ত সব দেশের জন্য অ্যাপটি উন্মুক্ত থাকবে। পরে সময় বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত রাখা হয়।
আরও পড়ুনঃ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ অজ্ঞাতনামা ১১৪ জনের লাশ উত্তোলন আজ
অ্যাপে নিবন্ধনের সময় প্রবাসী বাংলাদেশিদের সঠিক ঠিকানা দেওয়ার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।
এদিকে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাবেন।



