
আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ ‘নির্বাচনী ইশতেহার ২০২৬: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক জাতীয় কর্মশালার ব্যক্তিগত মেধা পরীক্ষায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন ও আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। এ ছাড়া দলগত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌথ দল।
গত ১৪ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এ জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ব্যক্তিগত মেধা পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেন জবি ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন। তৃতীয় স্থান অর্জন করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।
‘নির্বাচনী ইশতেহার ২০২৬: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক এ কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পরিকল্পনা ও কৌশল সম্পর্কে ছাত্রদলের নেতাকর্মীদের ধারণা দেওয়া। এতে ছাত্রদলের কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখার নেতারা অংশগ্রহণ করেন।
আরও পড়ুনঃ জবি অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া বিএনপির জ্যেষ্ঠ নেতারাও কর্মশালায় অংশ নেন।
দলগত প্রতিযোগিতায় প্রথম স্থান এবং ব্যক্তিগত মেধা পরীক্ষায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনের মধ্য দিয়ে জাতীয় কর্মশালায় সাফল্য পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিনিধিরা।



