
সরকারের বিভিন্ন সংস্থায় জবাবদিহিমূলক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে শেয়ার করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
মঙ্গলবার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে দেওয়া স্ট্যাটাসে আশিক চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে আগামী ছয় মাসের প্রতিশ্রুতি শেয়ার করা হয়েছে।
স্ট্যাটাসে আশিক চৌধুরী লেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমার পূর্বে কাজ করার অভিজ্ঞতা নেই। কিন্তু গত এক মাসে অনেকগুলো আন্তমন্ত্রণালয় বৈঠকে এবং এক-এক আলোচনায় তার সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়েছে। প্রধানমন্ত্রীর কিছু নেতৃত্বের বৈশিষ্ট্য আমাকে আশাবাদী করেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী একজন ভালো শ্রোতা। তিনি সবার কথা ধৈর্য ধরে শুনছেন। দ্বিতীয়ত, তিনি ফলাফলভিত্তিক আলোচনা করছেন এবং তৃতীয়ত, দৃষ্টান্ত স্থাপন করে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন। সময়ানুবর্তিতা, শিষ্টাচার, অনাড়ম্বর মানসিকতা নিজে চর্চা করছেন।
আশিক চৌধুরী জানান, বৈশ্বিক অস্থিরতার ফলস্বরূপ বিশ্বব্যাপী বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) নিম্নমুখী। তাই তাদের প্রচেষ্টা থাকবে বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশি বিনিয়োগের প্রতি মনোযোগ দেওয়া তথা কর্মসংস্থান তৈরিতে সাহায্য করা।
আরও পড়ুনঃ লাইলাতুল কদর মহিমা ও বরকতময় রাত: প্রধানমন্ত্রী তারেক রহমান
তিনি ২৫টি পদক্ষেপের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে সরকারি বন্ধ ও রুগ্ণ শিল্পকারখানাগুলোকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলে বেসরকারিকরণ, ফ্রি ট্রেড জোন ও সমরাস্ত্র শিল্প নীতিমালা প্রকাশ, বিকল্প জ্বালানি ব্যবস্থা অনুসন্ধান এবং দুর্নীতি রোধে ও সময় কমাতে সমুদ্র ও বিমানবন্দরে আধুনিক ব্যবস্থাপনা চালুকরণ।
এছাড়া প্রধানমন্ত্রীর জন্য বেসরকারি খাত উপদেষ্টা কাউন্সিল গঠন, ব্যবসাসংক্রান্ত সরকারি সেবার একক ডিজিটাল প্ল্যাটফর্ম বাংলাবিজের সম্প্রসারণ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে কোরিয়া-বাংলাদেশ ফ্রি ট্রেড চুক্তি সম্পন্ন করার কথা জানান তিনি।
আশিক চৌধুরী বলেন, ছয় মাস শেষে আমরা আবার একটা ফলাফল কার্ড করব আমাদের সাফল্য ও ব্যর্থতা নিয়ে।



