
হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভী-এর জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তার বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলার সবকটিতেই জামিন বহাল থাকায় কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
রোববার(১৭ মে) সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুটি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন ‘নো অর্ডার’ দিয়ে খারিজ করে দেন চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
আদালতে আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
আরও পড়ুনঃ বিসিবির নির্বাচনে হস্তক্ষেপ নয়, হাইকোর্টের স্পষ্ট অবস্থান
শুনানি শেষে আইভীর আইনজীবী প্যানেলের সদস্য এস এম হৃদয় রহমান সাংবাদিকদের জানান, সব মামলায় জামিন বহাল থাকার প্রত্যয়ন এবং আদালতের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে চলতি সপ্তাহের মধ্যেই তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেতে পারেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া পৃথক হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পান সাবেক মেয়র আইভী। পরে সেই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। তবে চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের আবেদনে কোনো আদেশ না দেওয়ায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকল।



