
মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাইভেট পড়তে গিয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার রাতে স্কুলছাত্রীর বাবা অভিযুক্ত যুবকের বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। শুক্রবার দুপুরে আটক যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল এলাকায় ঘটে।
মামলা সূত্রে জানা যায়, পশ্চিম ফুলমতি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী বৃহস্পতিবার সকালে বাইসাইকেলে করে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পরে চরগোরকমন্ডল সেতুর ওপর পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা জেলানী মিয়া (২৫) নামের এক যুবক তার মুখ চেপে ধরে জোরপূর্বক পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়।
এ সময় অভিযুক্ত যুবক শিক্ষার্থীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা চালালে তিনি কৌশলে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে স্থানীয় পথচারীরা ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে আটক করে।
সারাদিন ঐ ঘটনাটি কেন্দ্র করে স্থানীয়ভাবে শালিশ বৈঠকসহ বিষয়টি ধামাচাপার চেষ্টা করে ব্যর্থ হলে বিকালে ফুলবাড়ী থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা আটক যুবককে পুলিশে সোপর্দ করেন।
আরও পড়ুনঃ আজ বিশ্ব গাধা দিবস: অবহেলিত পরিশ্রমী প্রাণীর প্রতি ভালোবাসা ও সচেতনতার দিন
চরগোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য আয়াজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকালে স্থানীয়রা অভিযুক্ত যুবককে পুলিশের কাছে সোপর্দ করেছে। তিনি অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে অভিযুক্ত যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, আটক জেলানী মিয়া চরগোরকমন্ডল গ্রামের গাজিবর রহমানের ছেলে।



