
আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য জরুরি ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে Society for National Charity (SNC)-এর সহযোগিতায় এবং Jagannath University Central Students’ Union (জকসু)-এর ব্যবস্থাপনায় বিশেষ অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে।
গত শনিবার (২৪ মে ২০২৬) জকসুর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ উদ্যোগের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা ও ঢাকার বাইরের যাতায়াতে অ্যাম্বুলেন্স ভাড়ায় ৫০ শতাংশ ছাড় পাবেন।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ হাজার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর বিপরীতে মাত্র একটি অ্যাম্বুলেন্স থাকায় জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে গুরুতর অসুস্থ শিক্ষার্থীদের ঢাকার বাইরে নিজ বাড়িতে নেওয়া কিংবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসার জন্য ঢাকায় আনার ক্ষেত্রে ভোগান্তি বাড়ছে।
এ বিষয়ে জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম তার সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসাসেবার সমস্যা দীর্ঘদিনের। পুরো বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৭ হাজার শিক্ষার্থীর জন্য মাত্র একটি অ্যাম্বুলেন্স দিয়ে সবার চাহিদা পূরণ করা সম্ভব নয়। যদিও আমরা আরও একটি অ্যাম্বুলেন্স যুক্ত করার চেষ্টা করছি, তবে বড় সমস্যা হয় যখন কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে ঢাকা ছাড়তে চান অথবা চিকিৎসার জন্য ঢাকায় আসতে হয়।”
আরও পড়ুনঃ লোকসানে বন্ধ থাকছে ম্যাঙ্গো স্পেশাল ও ক্যাটল স্পেশাল ট্রেন
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের এই সমস্যার সমাধানের জন্য দেশের একটি গুরুত্বপূর্ণ বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে জকসুর আলোচনা হয়েছে। এর মাধ্যমে ঢাকা শহরের মধ্যে, ঢাকা থেকে দেশের যেকোনো স্থানে কিংবা দেশের যেকোনো প্রান্ত থেকে ঢাকায় আসার ক্ষেত্রে শিক্ষার্থীরা ৫০ শতাংশ ছাড়ে অ্যাম্বুলেন্স সেবা পাবেন।”
জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স সেবা নিতে শিক্ষার্থীদের জকসুর সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান(01816-790356) এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদের(01533-830321) সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।



