― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসকর্মসংস্থান ও ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণে ‘জব ফেয়ার’ আয়োজনের দাবি জবি ছাত্র অধিকারের

কর্মসংস্থান ও ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণে ‘জব ফেয়ার’ আয়োজনের দাবি জবি ছাত্র অধিকারের

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের কর্মসংস্থান ও ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয়-শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তুলতে বৃহৎ পরিসরে জব ফেয়ার আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন দিয়ে সংগঠনটি এ দাবি জানায়। আবেদনে শিক্ষার্থীদের সরাসরি নিয়োগের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর, ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি এবং একাডেমিক-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন চালুর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সংগঠনটির মতে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা, গবেষণা ও পেশাগত ক্ষেত্রে অবদান রাখার সক্ষমতা রাখলেও উচ্চশিক্ষা শেষে কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে প্রত্যক্ষ ও প্রাতিষ্ঠানিক যোগাযোগের ঘাটতি রয়েছে। ফলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগের একটি কার্যকর কাঠামো প্রয়োজন।

আবেদনে প্রথম দাবিতে জব ফেয়ারে করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি, প্রযুক্তি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও অন্যান্য নিয়োগদাতা প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয়ে এসব প্রতিষ্ঠানে জবিয়ানদের সরাসরি নিয়োগের সুযোগ তৈরির আহ্বান জানিয়েছে সংগঠনটি।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের যোগ্যতা, দক্ষতা ও একাডেমিক সক্ষমতা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে তুলে ধরার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।

দ্বিতীয় দাবিতে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। সংগঠনটির দাবি, এর মাধ্যমে শিক্ষার্থীরা স্নাতক সম্পন্ন করার আগেই বাস্তব কর্মক্ষেত্র সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি চাকরির বাজারের চাহিদা অনুযায়ী নিজেদের প্রস্তুত করার সুযোগ পাবে।

আরও পড়ুনঃ প্রতিষ্ঠার দুই দশকেও গঠিত হয়নি জবির কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন

তৃতীয় দাবিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি Academic-Industry Collaboration প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে। এর আওতায় যৌথ প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, ইন্ডাস্ট্রি ভিজিট, ইন্টার্নশিপ, গবেষণা সহযোগিতা, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ক্যাম্পাস রিক্রুটমেন্টের মতো কার্যক্রম পরিচালনার প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতারা মনে করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের জন্য তাৎক্ষণিক চাকরির সুযোগ তৈরির পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে একটি টেকসই প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে উঠবে। এতে শিক্ষার্থীরা চাকরির বাজারের চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষ করে গড়ে তোলার সুযোগ পাবে এবং একাডেমিক শিক্ষা ও বাস্তব কর্মক্ষেত্রের মধ্যকার দূরত্বও কমবে।

আবেদনে আরও বলা হয়, জব ফেয়ারকে শুধু এককালীন চাকরির আয়োজন হিসেবে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদি সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে প্রতিবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও চাকরির ধারাবাহিক সুযোগ তৈরি করা যেতে পারে।

সংগঠনটি আশা প্রকাশ করেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বৃহৎ পরিসরে জব ফেয়ার আয়োজনসহ উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে।