
আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাফেটেরিয়া ও ছাত্রীহলের ক্যান্টিনে খাবারের মান ও পরিবেশ উন্নয়ন, ভর্তুকি, নিরাপদ পানি এবং লিফটের সমস্যা সমাধানসহ পাঁচ দফা দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। এসব সমস্যা দ্রুত সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ভাষাশহীদ রফিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন জাতীয় ছাত্রশক্তির নেতারা।
সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার খাবারের মান ও পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে। একই সঙ্গে ছাত্রীহলের ক্যান্টিনে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন এবং পানির ট্যাংক নিয়মিত পরিষ্কার না করার কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।
জাতীয় ছাত্রশক্তির দাবির মধ্যে রয়েছে, আগামী রোববার থেকে ক্যাফেটেরিয়া পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং খাবারের মান উন্নত করা। পাশাপাশি খাবারের তালিকা সম্প্রসারণ করে অন্তত ১০ ধরনের ভর্তা-ভাজি রাখার দাবি জানিয়েছে সংগঠনটি।
এ ছাড়া আগামী অক্টোবর থেকে ক্যাফেটেরিয়ার খাবারে মাসিক পাঁচ লাখ টাকা ভর্তুকি দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে বিভিন্ন গ্রুপের বিনা মূল্যে খাবার গ্রহণ বন্ধ করার দাবিও জানিয়েছে তারা।
আরও পড়ুনঃ ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি ও কল্যাণ ভাতা চালুর উদ্যোগ: ধর্মমন্ত্রী
ছাত্রীহলের ক্যান্টিনে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন বন্ধের পাশাপাশি পানির ট্যাংক নিয়মিত পরিষ্কার না করার অভিযোগ তুলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটির নেতাদের দাবি, অপরিষ্কার পানির কারণে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
এ ছাড়া শহীদ সাজিদ ভবনের লিফট ১২ দিন ধরে বন্ধ থাকার কথা উল্লেখ করে দ্রুত সেটি মেরামতের দাবি জানানো হয়। ছাত্রীহলের লিফট মাঝেমধ্যে ছিঁড়ে পড়ার অভিযোগ তুলে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিষয়টির দ্রুত ও স্থায়ী সমাধানের দাবিও জানিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে জাতীয় ছাত্রশক্তির নেতারা বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার এবং নিরাপদ আবাসিক পরিবেশ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। শিক্ষার্থীদের ভোগান্তি দূর করতে তাদের উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।



