
আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ রাজধানীর বংশাল থানাধীন চানখাঁরপুলের কায়েতটুলি এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অনিক চন্দ্র পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মেসের কক্ষ থেকে অনিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত অনিক চন্দ্র পাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, তার গ্রামের বাড়ি সিলেটে। বর্তমানে অনিকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
আরও পড়ুনঃ জজ কোর্ট রোডে নিষিদ্ধ জবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সুবাস পাল। তিনি বলেন, মেসের কক্ষে ফ্যান ঝোলানোর রডের সঙ্গে কাপড় পেঁচানো অবস্থায় অনিককে ঝুলতে দেখা যায়। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে অনিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
অনিকের মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। বিষয়টি পুলিশ তদন্ত করছে।



