
নিজস্ব প্রতিনিধিঃ গণ বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান খান।
রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ আলোচনা সভায় তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর মেজর জিয়াউর রহমানের মুক্তি কেবল একজন ব্যক্তির মুক্তি ছিল না; বরং তা ছিল অবরুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার মুক্তি।
অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান খান বলেন, ফ্যাসিবাদী সরকার ১৯৭৫ সালের ৭ নভেম্বরের তাৎপর্য ও গুরুত্ব মুছে ফেলার জন্য দীর্ঘ ১৭ বছর ধরে চেষ্টা করেছে। ইতিহাসকে চাপা দেওয়া যায়, কিন্তু কখনো মুছে ফেলা সম্ভব নয়।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ইতিহাস এবং পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, ৩০ লাখ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে যে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটেছিল, তার মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন ও শোষণমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার পর তৎকালীন মুজিব সরকার যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন ও অর্থনীতির পুনরুজ্জীবনে পুরোপুরি ব্যর্থ হয়। সরকারের অব্যবস্থাপনা, অদক্ষতা, সীমাহীন দুর্নীতি, একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের অপতৎপরতা দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দেয়।
তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যার মধ্য দিয়ে দেশের সংকট আরও ঘনীভূত হয়। এ পরিস্থিতিতে খালেদ মোশাররফ জিয়াউর রহমানকে গৃহবন্দি করেন। পরবর্তী সময়ে ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন পথের সূচনা হয়। পরবর্তী সময়ে ১৯৭৭ সালে জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-চাদর জব্দ
জিয়াউর রহমানের শাসনামলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশিদের নতুন রাষ্ট্রীয় পরিচয়, রাজনৈতিক দর্শন ও উন্নয়নকৌশল, রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা, জাতীয় ঐক্য, অর্থনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের দৃঢ় অবস্থান তৈরির উদ্যোগ ছিল উল্লেখযোগ্য।
গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান, স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন ড. মো. ফুয়াদ হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক এ এস এম নোমান আলম, ছাত্র উপদেষ্টা মো. শাহ আলম, কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ ছাড়া সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।



