
মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, নগরবাসীর আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করে যাবেন। সকলের সহযোগিতায় রাজশাহীকে আরও সবুজ, সুন্দর, স্বাস্থ্যকর ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মঙ্গলবার (১২ মে) বিকেলে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ নগরীর উন্নয়ন, নাগরিক সেবা, ফুটপাত দখলমুক্তকরণ, শিল্পায়ন ও কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় রাসিক প্রশাসক বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শোনেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে নগরবাসীর সেবার সুযোগ দিয়েছেন। নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর গাছের পরিচর্যা ও নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। আগামী বর্ষা মৌসুমে তিন লক্ষাধিক বৃক্ষরোপণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরবাসীর মাঝে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুনঃ ফুলবাড়ীতে হাসপাতালে বাড়ছে শিশু রোগী
রাসিক প্রশাসক আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম, মশক নিধনে ফগার স্প্রে, সড়কের খানাখন্দ মেরামত এবং নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে বিভিন্ন উন্নয়ন স্কিম বাস্তবায়ন করা হচ্ছে।
হাম-রুবেলা প্রতিরোধ কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, “সিটি কর্পোরেশনগুলোর মধ্যে সর্বপ্রথম আমরা জনসচেতনতামূলক লিফলেট তৈরি করে বাড়ি বাড়ি বিতরণ করেছি। হাম-রুবেলা টিকাদানে শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে।”
সভায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি আবু কাউসার মাখনসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।



