― Advertisement ―

spot_img

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ, প্রশ্ন করায় সাংবাদিককে হুমকি

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীর শালবাগান পাওয়ারহাউজ মোড় থেকে বিজিবি স্কুল পর্যন্ত সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নিম্নমানের...
প্রচ্ছদসারা বাংলানিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ, প্রশ্ন করায় সাংবাদিককে হুমকি

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ, প্রশ্ন করায় সাংবাদিককে হুমকি

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীর শালবাগান পাওয়ারহাউজ মোড় থেকে বিজিবি স্কুল পর্যন্ত সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং যথাযথ নিয়ম অনুসরণ না করে কার্পেটিং করায় রাস্তার স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে এ বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে এক সাংবাদিক হুমকি ও ভয়ভীতির মুখে পড়েছেন বলেও অভিযোগ উঠেছে।

জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়ে। সাবেক মেয়র ও কাউন্সিলরদের অনুপস্থিতিতে নগরজুড়ে প্রশাসনিক দুর্বলতা তৈরি হয়। বিভিন্ন এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগ, ড্রেনের স্ল্যাব ও বৈদ্যুতিক তার চুরি, জলাবদ্ধতা এবং মশার উপদ্রব বেড়ে যায়। পরে নতুন সরকার গঠনের পর রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন মো. মাহফুজুর রহমান রিটন। দায়িত্ব গ্রহণের পর নগর উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া শুরু হয়।

এরই ধারাবাহিকতায় নগরবাসীর দুর্ভোগ কমাতে শালবাগান পাওয়ারহাউজ মোড় থেকে বিজিবি স্কুল পর্যন্ত ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের জন্য টেন্ডার দেওয়া হয়। কাজটি পায় “এসকে ট্রেডিং” নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পরিচালক ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার কার্পেটিংয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। পিচের সঙ্গে পোড়া মবিল মেশানো হচ্ছে এবং রাস্তা পরিষ্কার না করেই কার্পেটিংয়ের কাজ চলছে। তাদের আশঙ্কা, বর্ষা মৌসুম শুরু হলে নতুন কার্পেটিং উঠে গিয়ে সড়কটি আবারও ক্ষতিগ্রস্ত হবে। এতে সরকারি অর্থ অপচয়ের পাশাপাশি জনদুর্ভোগও বাড়বে।

স্থানীয় প্রকৌশলী অরিফুজ্জামান সোহেল বলেন, “একজন প্রকৌশলী হয়ে ডাস্ট পরিষ্কার না করে কার্পেটিং শুরু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এভাবে কাজ করলে রাস্তা টিকবে না। কাজ বন্ধ করে পুনরায় রাস্তা পরিষ্কার করার পর কার্পেটিং করতে হবে।”

বিষয়টি নিয়ে মো. আসিফুল হাবিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ছবি ও ভিডিও দেখেও সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, সাইটটির দায়িত্বে থাকা লিটন সাহেবের সঙ্গে কথা বলতে। তবে দায়িত্বপ্রাপ্ত লিটন অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।

আরও পড়ুনঃ সরকার প্রযুক্তি খাতকে প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচনা করছেঃ আইসিটি মন্ত্রী

অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে “এসকে ট্রেডিং”-এর পরিচালক ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে স্বীকার করেন যে রাস্তার কাজটি তার প্রতিষ্ঠান করছে। তবে রাস্তার ধুলা পরিষ্কার না করে নিম্নমানের সামগ্রী দিয়ে কার্পেটিং করলে সেটি কতদিন টিকবে—এমন প্রশ্নের জবাব না দিয়ে তিনি উল্টো প্রতিবেদকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন।

তিনি দাবি করেন, প্রতিবেদক নাকি বিভিন্ন সময় তার কাছ থেকে “সালামি” বা টাকা নিয়েছেন। এর জবাবে প্রতিবেদক তাকে সিসিটিভি ফুটেজ ও প্রমাণসহ আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সংশ্লিষ্ট অফিসের ভেতর ও বাইরে সিসিটিভি ক্যামেরা স্থাপিত রয়েছে বলেও জানা গেছে।

প্রতিবেদকের অভিযোগ, কোনো প্রমাণ উপস্থাপন করতে না পেরে একপর্যায়ে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল হুমকিমূলক আচরণ শুরু করেন। তিনি “আপনিও রাজশাহীতে থাকেন, আমিও থাকি”, “যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে”, “আপনাকে তুলে আনা কোনো বিষয় না” এবং “রাজশাহী ছাড়া হয়ে যাবেন” বলে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে সংশ্লিষ্ট সাংবাদিক বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে।