― Advertisement ―

spot_img

বিশেষ বৃত্তি পাচ্ছেন জবির ১০ হাজারের বেশি শিক্ষার্থী

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ দীর্ঘ প্রতীক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য ঘোষিত বিশেষ বৃত্তির অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।প্রথম ধাপে...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসবিশেষ বৃত্তি পাচ্ছেন জবির ১০ হাজারের বেশি শিক্ষার্থী

বিশেষ বৃত্তি পাচ্ছেন জবির ১০ হাজারের বেশি শিক্ষার্থী

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ দীর্ঘ প্রতীক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য ঘোষিত বিশেষ বৃত্তির অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

প্রথম ধাপে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তির প্রতীকী চেক হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে উপাচার্যের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতারা, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, প্রভোস্ট, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন দপ্তরের পরিচালক, জকসু প্রতিনিধি, ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, অনুষ্ঠানে প্রতিটি অনুষদের দুইজন শিক্ষার্থীর হাতে প্রতীকীভাবে বিশেষ বৃত্তির চেক তুলে দেওয়া হয়। পরবর্তীতে বৃত্তির জন্য মনোনীত সব শিক্ষার্থীর ব্যাংক হিসাবে নির্ধারিত অর্থ পাঠানো হবে।

বিশেষ বৃত্তির জন্য আবেদনকারী মোট ১০ হাজার ১২৪ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। বৃত্তির আওতায় প্রত্যেক শিক্ষার্থী ৯ হাজার টাকা করে পাবেন। ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১৫তম ব্যাচ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ২০তম ব্যাচ পর্যন্ত শিক্ষার্থীরা এ সুবিধার আওতাভুক্ত হয়েছেন।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রইছ উদ্দীন বলেন, দীর্ঘ ১৪ মাস পর হলেও শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ পৌঁছে দিতে পেরে তিনি সন্তুষ্ট। শিক্ষার্থীদের ন্যায্য দাবির অংশ হিসেবেই এই বৃত্তি বাস্তবায়ন করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর তিন মাসের মধ্যে বৃত্তির অর্থ প্রদানের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়ন করতে পেরে তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

আরও পড়ুনঃ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি বাতিলে ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শারমীন বলেন, শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি সময়মতো বিতরণ করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। অর্থ ও হিসাব দপ্তরের মাধ্যমে তথ্য যাচাইয়ের কাজ সম্পন্ন করা হচ্ছে, যাতে কোনো শিক্ষার্থী ভোগান্তিতে না পড়েন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের বিষয়েও কাজ চলছে।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসন ও আবাসন ভাতার দাবিতে শিক্ষার্থীরা ধারাবাহিক আন্দোলন করে আসছিলেন। গত বছর শিক্ষার্থীদের ‘যমুনা ঘেরাও’ কর্মসূচির পর সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ৫৬ কোটি টাকার বিশেষ আবাসন বৃত্তির ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণার বাস্তবায়নের অংশ হিসেবে প্রথম ধাপে ১০ কোটি টাকার চেক হস্তান্তরের মাধ্যমে বৃত্তি বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।