
মো :মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ “দালাল নয়, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী”—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকাল ১০টায় বাংলাদেশ ঔষধ কোম্পানি প্রতিনিধিদের সংগঠনের উদ্যোগে কালীগঞ্জ সরকারি হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কালীগঞ্জ ফারিয়ার আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধন ছিল সারাদেশে একযোগে পালিত কর্মসূচির অংশ। এতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং পেশার মর্যাদা রক্ষার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন কালীগঞ্জ ফারিয়ার সভাপতি মো. আমির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম, সহ-সভাপতি শামসুল হক, সাংগঠনিক সম্পাদক মো. শাজাহান কবিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ প্রধান শিক্ষিকার অবহেলায় এসএসসি পরীক্ষা দিতে পারেনি সিয়াম
বক্তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। চিকিৎসকদের কাছে ওষুধের তথ্য পৌঁছে দেওয়া থেকে শুরু করে স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কার্যকর রাখতে তারা নিরলস কাজ করছেন। তাই তাদের হয়রানি বন্ধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
প্রতিবাদী মানববন্ধনে কালীগঞ্জ ফারিয়ার সভাপতি মো. আমির হোসেন উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সংগঠনের নিয়ম-নীতি মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নিজ নিজ প্রতিষ্ঠানের নির্দেশনা অনুসরণ করে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।



