
পাভেল ইসলাম মিমুল, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে বিএনপির ধানের শীষের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও সনাতনী বিএনপি পরিবারের নেতাদের তৎপরতা বেড়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী-৬ (গোদাগাড়ী) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক রমেশ দত্ত, আর রাজশাহী-১ (পবা-তানোর) আসনে রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার ধানের শীষের প্রতীক নিয়ে লড়ার প্রস্তুতি নিচ্ছেন।
উভয় নেতা দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে বিএনপির সাংগঠনিক ভিত্তি মজবুত করতে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি তারা নিজ নিজ এলাকায় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছেন।
আরও পড়ুনঃ উন্মুক্ত হলো রাজশাহীর রেল হাসপাতাল, এখন সেবা পাবে সবাই
কল্যাণ ফ্রন্টের শীর্ষ নেতারা জানিয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করা ও সমঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির হাইকমান্ডের কাছে যোগ্য প্রার্থীদের তালিকা প্রস্তাব করা হয়েছে। তাদের মতে, রাজশাহীর মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে রমেশ দত্ত ও বিশ্বনাথ সরকারকে প্রার্থী করা হলে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নতুন আস্থা সৃষ্টি হবে এবং বিএনপির ভাবমূর্তি আরও ইতিবাচক হবে।
রাজশাহীর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই দুই প্রার্থীর অংশগ্রহণ বিএনপির জন্য একটি কৌশলগত অগ্রগতি হতে পারে। বিশেষ করে সংখ্যালঘু ভোটারদের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস দূর করে নতুন করে আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে রমেশ দত্ত ও বিশ্বনাথ সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে তারা আশা করছেন।



