
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বদ্দারহাট লঞ্চঘাটে চাঁদাবাজির সময় তৌহিদুল ইসলাম নয়ন নামে এক ছাত্রদল নেতা তার দুই সহযোগীসহ কোস্টগার্ডের হাতে আটক হয়েছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ৩টায় উপজেলা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
আটক তৌহিদুল ইসলাম নয়ন রামগতি আ. স. ম. রব সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও চরপোড়াগাছা ইউনিয়নের তাহের বাজার এলাকার আইয়ুব আলী মাঝির ছেলে। আটক অন্য দু’জন হলেন—আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া এলাকার মোছলেহ উদ্দিনের ছেলে আহাদ ও রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে ইকবাল হোসেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া বদ্দারহাট লঞ্চঘাট এলাকায় চাঁদাবাজির অভিযোগে কোস্টগার্ড অভিযান চালায়। এসময় নয়নসহ তিনজনকে আটক করে কোস্টগার্ড সদস্যরা। তাদের কাছ থেকে রশিদ বই জব্দ করা হয়, তবে লঞ্চঘাট ইজারার কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেননি।
আরও পড়ুনঃ অনিয়মে নির্মাণ, তিন মাসেই ধসে পড়ে সেতু—সাত বছর ধরে ভোগান্তিতে স্থানীয়রা
উপজেলা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সফিকুল ইসলাম জানান, “লঞ্চঘাটে চাঁদাবাজির খবর পেয়ে অভিযান চালানো হয়। নয়নসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ভুয়া রশিদ বইও পাওয়া গেছে। পরে তাদের রামগতি থানায় হস্তান্তর করা হয়েছে।”
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, “কোস্টগার্ড তিনজনকে আটক করে থানায় দিয়েছে। মামলা হলে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।”
এ ঘটনায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনাটি জানতে পেরেছি। বিস্তারিত খোঁজখবর নিয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।”



