spot_img

― Advertisement ―

spot_img

মহান বিজয় দিবস উপলক্ষে পাথালিয়ায় নারীদের আলোচনা সভা

শেখ মুহাম্মদ নজরুল ইসলাম, সাভার প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের পাথালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নারীদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
প্রচ্ছদসারা বাংলামহান বিজয় দিবস উপলক্ষে পাথালিয়ায় নারীদের আলোচনা সভা

মহান বিজয় দিবস উপলক্ষে পাথালিয়ায় নারীদের আলোচনা সভা

শেখ মুহাম্মদ নজরুল ইসলাম, সাভার প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের পাথালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নারীদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) পাথালিয়া ইউনিয়নের সোসাইটি মাঠে এ সভার আয়োজন করা হয়।

পাথালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ সোহরাব হোসেনের সঞ্চালনায় এবং মোহাম্মদ রাশেদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধ, নারীদের অবদান, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা সেক্রেটারি মোহাম্মদ আল আমীন বলেন, এমপি পদপ্রার্থী মাওলানা আফজাল হোসেন দাঁড়িপাল্লা মার্কায় নির্বাচিত হলে পাথালিয়া ইউনিয়নসহ আশপাশের এলাকার রাস্তাঘাট উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা হবে। তিনি উন্নয়ন ও জনকল্যাণে নারীদের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সাভার থানা জামায়াতে ইসলামীর আমির বশীর আহমেদ বলেন, স্বাধীনতার প্রকৃত সুফল পেতে হলে সুশাসন প্রতিষ্ঠা জরুরি। তাঁর মতে, জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা মার্কা বিজয়ী হলে জনগণ ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ উপহার পাবে।

শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলার সভাপতি ও পাথালিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশীদ বলেন, জামায়াতে ইসলামী বিজয়ী হলে মা-বোনেরা নিরাপদ জীবনযাপন করতে পারবে এবং সমাজে ইনসাফ কায়েম হবে। তিনি হযরত সুমাইয়া (রা.)-এর ত্যাগের উদাহরণ তুলে ধরে নারীদের জামায়াতে ইসলামীর পক্ষে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে আল-কোরআনভিত্তিক বাংলাদেশ, আর সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট শহীদুল ইসলাম মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন, ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে শিশু থেকে শুরু করে নারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি অভিযোগ করেন, বিগত সরকারগুলো ১৯৭১ সালের ত্যাগের যথাযথ মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

আরও পড়ুনঃ মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি ইশতিয়াক, সম্পাদক মেহেদী

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আফজাল হোসেন বলেন, বিগত ৫৫ বছরে নারীরা তাদের ন্যায্য মর্যাদা পায়নি। তিনি অভিযোগ করেন, বিভিন্ন সরকার স্বাধীনতার পক্ষ-বিপক্ষ ও সংখ্যালঘু ইস্যু দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে এবং দেশের উন্নয়নের পরিবর্তে নিজেদের স্বার্থে কাজ করেছে। তিনি সাভার ও আশুলিয়া এলাকায় জনসংখ্যার তুলনায় স্বাস্থ্যসেবার অপ্রতুলতার কথা উল্লেখ করে মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্ব দেন।

মাওলানা আফজাল হোসেন আরও বলেন, নারী-পুরুষ সবাই একসঙ্গে কাজ করতে পারলে বাংলাদেশকে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো উন্নত রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব। তিনি বিগত সরকারের শাসনামলে আলেম-ওলামা, ছাত্র ও সাধারণ মানুষের ওপর নির্যাতন, হত্যা ও গুমের ঘটনাও স্মরণ করেন এবং একটি মানবিক, কল্যাণকর ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামীর প্রতি সমর্থনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ রাশেদ হোসেন বলেন, খোদাভীরু মানুষ নির্বাচন করা এবং আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য ঘরে ঘরে গিয়ে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত ও তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।