
মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে দায়িত্ব পালনকালে নিজ নামে ইস্যুকৃত অস্ত্রের গুলিতে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজের অস্ত্র দিয়ে বুকে গুলি করে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন গংগারহাট বিওপিতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত বিজিবি সদস্যের নাম নাসিম উদ্দিন (২৩)। তিনি বিজিবির সিপাহী পদে কর্মরত ছিলেন এবং তার ব্যাচ নম্বর ১১৪৬০৪। নাসিম উদ্দিন ঝিনাইদহ জেলার সদর থানার খাজুরা গ্রামের বাবুল উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সিপাহী নাসিম উদ্দিনের বৃহস্পতিবার রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত টহল ডিউটি নির্ধারিত ছিল। সে অনুযায়ী রাত পৌনে ১টার দিকে তিনি অস্ত্রসহ প্রস্তুত হয়ে ব্যারাক থেকে বের হন। এর কিছুক্ষণ পর ক্যাম্পের ভেতরেই তিনি নিজের অস্ত্র দিয়ে বুকের ডান পাশে গুলি চালান এবং মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে অন্যান্য বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ দেশের স্বার্থে আগামীতেও একসঙ্গে কাজ করবে বিএনপি-জামায়াত: ডা. শফিকুর রহমান
খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করে। ঘটনার তদন্ত কর্মকর্তা ফুলবাড়ী থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মনজুরুল ইসলাম জানান, ভোরে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।



