
আব্দুল্লাহ আল জুবায়ের, বিএল কলেজ প্রতিনিধিঃ উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে খুলনার ঐতিহ্যবাহী সরকারি ব্রজলাল কলেজে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ১২তম প্রাণিবিদ্যা অলিম্পিয়াড–২০২৫। আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে ওঠার পাশাপাশি গবেষণাধর্মী চিন্তাচেতনা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিজ্ঞানচর্চায় অনুপ্রেরণা জোগায়।
অলিম্পিয়াডে খুলনা অঞ্চলের বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের ব্যাপক উপস্থিতি ও উদ্দীপনা পুরো আয়োজনকে আরও প্রতিযোগিতামূলক ও প্রাণবন্ত করে তোলে।
আরও পড়ুনঃ ইবি আইসিটি বিভাগের নতুন সভাপতি ড. তারেক হাসান
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এফ. এম. আব্দুর রাজ্জাক, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. হোসনে আরা, খুলনা অঞ্চলের বিভিন্ন কলেজের বিভাগীয় প্রধানসহ অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা, গবেষণা মনোভাব এবং বিজ্ঞানমনস্কতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতে বিজ্ঞানভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণায় শিক্ষার্থীদের আরও এগিয়ে যেতে এ উদ্যোগ সহায়ক হবে বলেও তারা মনে করেন।



