― Advertisement ―

spot_img

ব্রজলাল কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল জুবায়ের, বিএল কলেজ প্রতিনিধিঃ খুলনার ঐতিহ্যবাহী সরকারি ব্রজলাল (বি.এল) কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসব্রজলাল কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ব্রজলাল কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল জুবায়ের, বিএল কলেজ প্রতিনিধিঃ খুলনার ঐতিহ্যবাহী সরকারি ব্রজলাল (বি.এল) কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ কেন্দ্রে মোট ১০ হাজার ১১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। দূরদূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের পদচারণায় পুরো ক্যাম্পাস মুখর হয়ে ওঠে। নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ নেন।

পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতার জন্য বিভিন্ন ছাত্র ও স্বেচ্ছাসেবী সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কলেজ ছাত্রদল, ছাত্রশিবির, স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাতক্ষীরা, ছাত্র ইউনিয়ন, ছাত্রী সংস্থা এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে হেল্প ডেস্ক স্থাপন করা হয়। এসব হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের আসন বিন্যাস, কক্ষ নম্বর, প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, কেন্দ্রের পরিবেশ ছিল স্বস্তিদায়ক এবং সুশৃঙ্খল। স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় আসন খুঁজে পেতে কোনো ভোগান্তি হয়নি। বিশেষ করে যারা প্রথমবার এই কেন্দ্রে এসেছে, তাদের জন্য হেল্প ডেস্কগুলো বেশ সহায়ক ভূমিকা রেখেছে।

কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিফাত ইসলাম বলেন, শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন। সকাল থেকেই তাদের টিম কাজ করেছে যাতে কোনো পরীক্ষার্থী সমস্যায় না পড়ে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ ইরান ইস্যুতে ফের যুদ্ধের প্রস্তুতি: ট্রাম্পের সংকেতের অপেক্ষায় ইসরাইল

স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাতক্ষীরার সদস্য সচিব আব্দুল্যাহ আল জুবায়ের বলেন, জেলার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো তাদের লক্ষ্য। দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা যাতে কোনো সমস্যায় না পড়ে, সে জন্য তাদের টিম সার্বক্ষণিক কাজ করেছে এবং একজন শিক্ষার্থীও যেন দিকনির্দেশনার অভাবে বিপাকে না পড়ে, সেটিই ছিল তাদের মূল উদ্দেশ্য।

কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে। সার্বিকভাবে সুন্দর ব্যবস্থাপনা ও সকলের সম্মিলিত প্রচেষ্টায় সরকারি ব্রজলাল কলেজ কেন্দ্রের ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন ও সফলভাবে সম্পন্ন হয়েছে।