― Advertisement ―

spot_img

বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

বগুড়ায় পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন বিড়ি শ্রমিকরা। বুধবার (১৩ মে) বেলা ১১টায় বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে আয়োজিত...
প্রচ্ছদসারা বাংলাবগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

বগুড়ায় পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন বিড়ি শ্রমিকরা। বুধবার (১৩ মে) বেলা ১১টায় বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে আয়োজিত এ কর্মসূচিতে আগামী বাজেটে বিড়ি শিল্পের ওপর শুল্ক বৃদ্ধি না করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর শাসনামলকে বিড়ি শিল্পের ‘স্বর্ণযুগ’ হিসেবে মনে করেন শ্রমিকরা। তারা দাবি করেন, সে সময় বিড়ি শিল্পকে শ্রমজীবী মানুষের বিনোদনের মাধ্যম হিসেবে বিবেচনা করা হতো এবং অতিরিক্ত কর আরোপ করা হয়নি। একইভাবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সরকারের কাছেও বিড়ি শিল্পের ওপর নতুন শুল্ক না বাড়ানোর আহ্বান জানান শ্রমিকরা।

শ্রমিকদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—বিড়ির শুল্ক বৃদ্ধি না করা, শ্রমিকদের কর্মদিবস বৃদ্ধি, নিম্নস্তরের সিগারেটের মূল্য বৃদ্ধি, লাইসেন্সধারী সব বিড়ি কারখানার জন্য ব্যান্ডরোল উত্তোলন বাধ্যতামূলক করা এবং নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ করা।

মানববন্ধন শেষে বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনারের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বক্তারা বলেন, বিড়ি একটি দেশীয় শ্রমনির্ভর শিল্প, যার ওপর সারাদেশের প্রায় ১৮ লাখ শ্রমিকের জীবন-জীবিকা নির্ভরশীল। কিন্তু বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত ও বহুজাতিক সিগারেট কোম্পানির প্রভাবের কারণে এ শিল্প সংকটে পড়েছে। এতে বৈধ উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ ইবিতে জাতীয় বিজ্ঞান উৎসব, শতাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ

তারা আরও বলেন, বর্তমানে দেশের তামাক বাজারের বড় অংশ নিম্নস্তরের সিগারেট দখল করে থাকায় বিড়ি শিল্প টিকে থাকার লড়াই করছে। এ কারণে নিম্নস্তরের সিগারেটের মূল্য বাড়ানোর দাবি জানান শ্রমিক নেতারা। পাশাপাশি নকল বিড়ি উৎপাদন ও বিক্রির কারণে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেন-এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি নাজিম উদ্দিন, লুৎফর রহমান, আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, সহ-সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাভলু, সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম এবং শ্রমিক নেতা সোহেল রানা।

এ সময় শ্রমিকদের হাতে বিভিন্ন দাবি-সংবলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়। সেখানে দেশীয় শিল্প রক্ষা, বহুজাতিক কোম্পানির প্রভাব প্রতিহত করা এবং বিড়ি শ্রমিকদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।