― Advertisement ―

spot_img

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা দিল ইবির আরবী ভাষা ও সাহিত্য বিভাগ

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসমেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা দিল ইবির আরবী ভাষা ও সাহিত্য বিভাগ

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা দিল ইবির আরবী ভাষা ও সাহিত্য বিভাগ

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা দিয়েছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

শনিবার (২৭ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আরবী ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, “আরবী ভাষা ও সাহিত্য বিভাগের একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় এটি বিভাগের জন্য গর্বের বিষয়। অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেন একজন যোগ্য, অভিজ্ঞ ও কর্মক্ষম শিক্ষক।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, ড. তোজাম্মেল হোসেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করবেন। তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি আরও সমৃদ্ধ হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাঁর প্রতি সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ আইটিইটির নির্বাচনে জিজি প্যানেলের নিরঙ্কুশ জয়, সভাপতি এনায়েত হোসেন

সংবর্ধিত অতিথি অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেন বলেন, “আমার সফলতা আমার বিভাগ, বিশ্ববিদ্যালয়, সহকর্মী ও শিক্ষার্থীদের সফলতা। সবাই দোয়া করবেন, যেন আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। বিভাগে পরীক্ষা চলমান থাকা সত্ত্বেও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন, এজন্য আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, “আমাদের বিভাগের একজন শিক্ষক নতুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন, এটি অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাঁর সফল নেতৃত্বে মেহেরপুর বিশ্ববিদ্যালয় নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমরা প্রত্যাশা করি।”

অনুষ্ঠানের শেষে বিভাগের পক্ষ থেকে অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।