― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে মোরাল চাইল্ড নিয়ে ‘বৃত্তি উৎসব’, নৈতিক সমাজ গঠনের আহ্বান

ইবিতে মোরাল চাইল্ড নিয়ে ‘বৃত্তি উৎসব’, নৈতিক সমাজ গঠনের আহ্বান

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ৬০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে নিয়ে ‘বৃত্তি উৎসব’ আয়োজন করেছে ‘মোরাল প্যারেন্টিং ট্রাস্ট ইউনিট’। এ উপলক্ষে ‘নৈতিক সমাজ নিয়ে তরুণদের ভাবনা’ শীর্ষক উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা ও খাবারের আয়োজন করা হয়।

রোববার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০৫ নম্বর কক্ষে এ বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়। এতে ৪০ জন ‘মোরাল চাইল্ড’ শিক্ষার্থী উপস্থিত বক্তব্য প্রতিযোগিতায় অংশ নেন।

‘মোরাল প্যারেন্টিং পরিবার’ ইবি ইউনিটের ক্যাম্পাস প্রতিনিধি মিশুক শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের ক্যাম্পাস গার্ডিয়ান ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার অধিকারী।

প্রতিযোগিতায় অংশ নিয়ে মোরাল চাইল্ড অন্তরা খাতুন বলেন, সমাজ পরিবর্তনের জন্য সবসময় বড় কোনো উদ্যোগের প্রয়োজন হয় না। একজন মানুষকে ভালোবাসা ও বিপদে তার পাশে দাঁড়ানোর মাধ্যমেই পরিবর্তনের সূচনা হতে পারে। তাঁর ভাষায়, নৈতিক সমাজে মানুষ শুধু নিজের কথা না ভেবে অন্যের বিপদে পাশে দাঁড়াবে এবং অন্যায় দেখলে নীরব থাকবে না।

তিনি আরও বলেন, মানুষের অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে কাউকে বিচার না করে আইন বা শাস্তির ভয়ে নয়, বরং বিবেক ও নৈতিক দায়িত্ববোধ থেকে ভালো কাজ করার মানসিকতা তৈরি করতে হবে।

মিশুক শাহরিয়ার বলেন, “মোরাল প্যারেন্টিং পরিবার একটি নৈতিক সমাজ গঠনের স্বপ্নে কাজ করে যাচ্ছে। আমাদের এই সংগঠন শিক্ষার্থীদের শুধু বৃত্তি প্রদান করে না, পাশাপাশি তাদের দক্ষ করে গড়ে তুলতে বিভিন্ন আত্মউন্নয়নমূলক কোর্স পরিচালনা করছে।”

তিনি জানান, ভাষা ও কম্পিউটার শিক্ষার পাশাপাশি সংগঠনটি ‘স্বাবলম্বী প্রজেক্ট’-এর মাধ্যমে শিক্ষার্থীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে এককালীন অর্থ সহায়তা দিয়ে আসছে।

আরও পড়ুনঃ সংস্কারের পরও আগের চেহারায় জবি টিএসসি, প্রশ্নের মুখে প্রশাসনের সংস্কারকাজ

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. প্রদীপ কুমার অধিকারী বলেন, “একজন মানুষকে সাহায্য করলে হয়তো একটি জীবন বদলায়, কিন্তু একজন মানুষকে নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে বদলে যেতে পারে একটি সমাজ।”

তিনি বলেন, মোরাল প্যারেন্টিং পরিবার নৈতিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছে। নৈতিকতা কোনো নির্দিষ্ট ধর্মের বিষয় নয়; মানুষ হিসেবে প্রত্যেকেরই নৈতিক হওয়া প্রয়োজন।

উল্লেখ্য, ‘মোরাল প্যারেন্টিং ট্রাস্ট’ একটি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সামাজিক সংগঠন। নৈতিক সমাজ গঠনের লক্ষ্য নিয়ে সংগঠনটি দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের প্রতি দুই মাস অন্তর বৃত্তি দিয়ে আসছে। ‘মোরাল প্যারেন্টিং পরিবার ইসলামী বিশ্ববিদ্যালয় ইউনিট’-এর অধীনে বর্তমানে ৭০ জন শিক্ষার্থী বৃত্তি পাচ্ছেন।