― Advertisement ―

spot_img

জবিতে এআই ও আইটি ফেস্ট, অংশ নিচ্ছেন দেশ-বিদেশের প্রযুক্তিবিদরা

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্যপ্রযুক্তি, উদ্ভাবন ও ভবিষ্যৎ কর্মদক্ষতাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শুরু হয়েছে ‘জেএনইউ এআই অ্যান্ড...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজবিতে এআই ও আইটি ফেস্ট, অংশ নিচ্ছেন দেশ-বিদেশের প্রযুক্তিবিদরা

জবিতে এআই ও আইটি ফেস্ট, অংশ নিচ্ছেন দেশ-বিদেশের প্রযুক্তিবিদরা

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্যপ্রযুক্তি, উদ্ভাবন ও ভবিষ্যৎ কর্মদক্ষতাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শুরু হয়েছে ‘জেএনইউ এআই অ্যান্ড আইটি ফেস্ট ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটির (JnUITS) আয়োজনে রোববার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

‘যেখানে ধারণার সঙ্গে বুদ্ধিমত্তার মিলন’—এই ভাবনাকে সামনে রেখে আয়োজিত ফেস্টে দেশের ২০টি বিশ্ববিদ্যালয় ও ৪০টি টেক ক্লাব অংশ নিয়েছে। শিক্ষার্থী, প্রযুক্তিপ্রেমী, উদ্ভাবক, গবেষক ও তরুণ পেশাজীবীদের জন্য উৎসবে রাখা হয়েছে বিভিন্ন প্রতিযোগিতা, প্রকল্প প্রদর্শনী, আলোচনা ও প্রযুক্তিসেবা। ফেস্টটির পৃষ্ঠপোষকতায় রয়েছে পূবালী ব্যাংক পিএলসি।

ফেস্টের অন্যতম আকর্ষণ ‘এআই ও আইটির যুগে ক্যারিয়ার’ শীর্ষক আলোচনা। এতে প্রযুক্তি ও করপোরেট জগতের পেশাজীবীরা অংশ নেবেন। আলোচনায় অংশ নিচ্ছেন সরকারের তথ্যপ্রযুক্তি উদ্যোগ ‘অ্যাসপায়ার টু ইনোভেট’-এর প্রধান কারিগরি পরামর্শক মোহাম্মদ মাসুদুর রহমান, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বাংলাদেশের যোগাযোগ বিভাগের প্রধান মো. আবদুল কাইয়ুম, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের কমপ্লায়েন্স ও মানবসম্পদ বিভাগের সহকারী ভাইস প্রেসিডেন্ট নাজমুল হুদা, ডিবিএল লাইফস্টাইলস লিমিটেডের ব্যবসা বিভাগের প্রধান রেজওয়ান হাবিব, হাভাস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ও লেখক কিংকর আহসান এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির যুব সম্পৃক্ততা বিশ্লেষক সোসান সুহা। আলোচনা সঞ্চালনা করবেন প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম টেকওয়ার্ল্ডের ব্যবস্থাপনা সম্পাদক মুন এম. রাজিব।

উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বাংলাদেশের পর্বতারোহী ও চিকিৎসক ডা. বাবর আলী। পর্বতারোহণে তাঁর সাফল্যের পাশাপাশি চিকিৎসাসেবায় কাজের অভিজ্ঞতা তরুণদের সামনে অনুপ্রেরণার উদাহরণ হিসেবে তুলে ধরছেন আয়োজকেরা।

ফেস্টে রয়েছে পাঁচটি প্রধান আয়োজন। এগুলো হলো—কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিজ্ঞাপন নির্মাণ প্রতিযোগিতা, এআই ও তথ্যপ্রযুক্তি অলিম্পিয়াড, অ্যাপ-ওয়েব ও এআইভিত্তিক প্রকল্প প্রদর্শনী, প্রযুক্তি ও করপোরেট জগতের পেশাজীবীদের সঙ্গে আলোচনা এবং প্রযুক্তিসেবা কেন্দ্র।

এআই ও আইটি অলিম্পিয়াডে জুনিয়র ও সিনিয়র—দুই বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রকল্প প্রদর্শনীতে জাতীয় পর্যায়ের অ্যাপ, ওয়েবসাইট ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবন প্রদর্শনের সুযোগ থাকছে। পাশাপাশি প্রযুক্তিসেবা কেন্দ্রে সফটওয়্যার ইনস্টলেশন ও কম্পিউটার ব্যবস্থা ঠিক করার মতো বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে।

এ ছাড়া রোববার রাত ১০টায় তরুণদের মেধাপাচার, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভবিষ্যৎ দক্ষতা নিয়ে আন্তর্জাতিক অনলাইন আলোচনা অনুষ্ঠিত হবে। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রযুক্তিবিদ ও গবেষকেরা অংশ নেবেন।

আরও পড়ুনঃ জবির ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের ‘১৫ আগস্টের আলোচনা সভার’ ব্যানার

অনলাইন আলোচনায় যুক্তরাষ্ট্রের আইবিএমের জ্যেষ্ঠ প্রকৌশল ব্যবস্থাপক জাকির হোসাইন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ব্লুক্লাউডের জ্যেষ্ঠ সফটওয়্যার প্রকৌশলী আরাফাত রহমান, যুক্তরাজ্যের টিসাইড বিশ্ববিদ্যালয়ের গবেষণা তথ্যবিজ্ঞানী রাদিয়া রায়ান চৌধুরী, মালয়েশিয়ার ইয়ুথ হাব ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা পাভেল সারওয়ার এবং মালয়েশিয়ায় ইলেকট্রোলাক্স গ্রুপের মোবাইল প্রকৌশলী নাসরাত শরীফ অভীক অংশ নেবেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ হোসাইন রনি।

আয়োজক কমিটির সদস্য মেহেদী হাসান বলেন, ‘ফেস্টে এআই, রোবোটিক্স, ইনোভেশন, প্রজেক্ট শোকেস ও অলিম্পিয়াডের পাশাপাশি টেককেয়ার জোন, ইন্ডাস্ট্রি টক এবং লাইভ পিচের আয়োজন রয়েছে। এসব আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও, ইন্ডাস্ট্রি লিডার ও মেন্টররা অংশ নিচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘এটি শুধু প্রযুক্তি উৎসব নয়; দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবক, শিক্ষার্থী, টেক ক্লাব ও শিল্পখাতের প্রতিনিধিদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রকল্প উপস্থাপনের পাশাপাশি নেটওয়ার্কিং ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছেন।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এ ফেস্টের বিভিন্ন পর্বে শিক্ষার্থী, প্রযুক্তিপ্রেমী, উদ্ভাবক ও তরুণ পেশাজীবীদের অংশগ্রহণের সুযোগ রয়েছে।