― Advertisement ―

spot_img

জবির ইকোনমিকস ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে মাইশা-নাদিয়া

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের সংগঠন ইকোনমিকস ক্যারিয়ার ক্লাবের (ইসিসি) আগামী এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেওয়া...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজবির পরিবহন বাসে সিট দখল, র‌্যাগিং ও ধূমপান নিষিদ্ধ

জবির পরিবহন বাসে সিট দখল, র‌্যাগিং ও ধূমপান নিষিদ্ধ

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন সেবায় শৃঙ্খলা বজায় রাখতে বাসে সিট দখল, র‌্যাগিং, শিক্ষার্থীকে হয়রানি, ধূমপান এবং মাদকদ্রব্য বহন বা সেবন নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একতলা ও দ্বিতল বাস এবং বিআরটিসি (BRTC) থেকে ভাড়াকৃত বাসে শিক্ষার্থীদের বসার সিট আগে থেকেই খাতা, কলম, পানির বোতল, ব্যাগ, মানিব্যাগ কিংবা শিট রেখে দখল করার অসৌজন্যমূলক চর্চা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি বাস কমিটির প্রভাব খাটানো এবং নবীন শিক্ষার্থীদের আসন পেতে বাধা দেওয়া বা হেনস্তা করার বিষয়টিও প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের আচরণ বিশ্ববিদ্যালয়ের সুস্থ পরিবেশ, সাধারণ শিষ্টাচার ও পারস্পরিক সৌহার্দ্যের পরিপন্থী। কোনো শিক্ষার্থীর ওপর প্রভাব বিস্তার কিংবা সিট দখলের নামে অসম আচরণ, র‌্যাগিংয়ে সম্পৃক্ত হওয়া শৃঙ্খলাভঙ্গ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

সিট দখল নিষিদ্ধ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাসের সিটে খাতা, কলম, ব্যাগ, পানির বোতল বা অন্য কোনো ব্যক্তিগত জিনিসপত্র রেখে আগে থেকে সিট দখল করা যাবে না। একই সঙ্গে জুনিয়র বা নবীন শিক্ষার্থীদের সিটে বসতে বাধা দেওয়া, বাস কমিটির প্রভাব খাটানো কিংবা কোনো ধরনের মানসিক বা শারীরিক হেনস্তা করা যাবে না। অপরাধ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কঠোর প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ মেস থেকে জবি শিক্ষার্থী অনিকের মরদেহ উদ্ধার

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধিমোতাবেক পরিবহনের কোনো যানবাহনের অভ্যন্তরে ধূমপান এবং যেকোনো ধরনের মাদকদ্রব্য বহন বা সেবন কঠোরভাবে নিষিদ্ধ।

এ ছাড়া বাস ছাড়ার নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে শিক্ষার্থীদের জন্য বাসের দরজা খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চালক ও হেলপারদেরও নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে দরজা খুলে দেওয়া এবং বাসে কোনো অবৈধ সিট দখল বা বিশৃঙ্খলা না ঘটে তা নিশ্চিত করে প্রশাসনকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবাকে সুশৃঙ্খল, শিক্ষার্থীবান্ধব ও র‌্যাগিংমুক্ত রাখতে সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে প্রশাসন।