― Advertisement ―

spot_img

বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

বগুড়ায় পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন বিড়ি শ্রমিকরা। বুধবার (১৩ মে) বেলা ১১টায় বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে আয়োজিত...
প্রচ্ছদসারা বাংলাফুলপুরে স্মরণকালের ভয়াবহ বন্যায় পানি বন্দী হাজারো মানুষ

ফুলপুরে স্মরণকালের ভয়াবহ বন্যায় পানি বন্দী হাজারো মানুষ

কায়সার ফেরদৌস, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ফুলপুর সদর ইউনিয়নসহ ১ নং ছনধরা এবং ৪ নং সিংহেশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামের হাজারো মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ডুবে গেছে হাজার হাজার হেক্টর জমির ফসল। ভেসে গেছে শত শত ফিসারী, পুকুর ও মাছের ঘের।

অনেকের বাড়িতে পানি ঢুকে যাওয়ায় তারা বাড়িতে থাকতে পারছেন না। কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয়-স্বজনের বাড়িতে, আবার কেউ আশ্রয়কেন্দ্রে। কিছু পরিবার বাড়িতে থাকলেও রান্নাঘর পানির নিচে থাকায় রান্না করতে পারছেন না, ফলে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। গোয়ালঘরে পানি উঠে যাওয়ায় গবাদিপশু নিয়ে চরম বিপাকে পড়েছেন অনেকেই।

সরজমিনে দেখা গেছে, বহু বাড়ি পানির নিচে তলিয়ে গেছে। আসবাবপত্র রক্ষার চিন্তায় অনেকেই ঘর ছেড়ে যেতে পারছেন না, তারা সেখানেই মানবেতর জীবন কাটাচ্ছেন। ত্রাণ সামগ্রী কিছু এলাকায় বিতরণ করা হলেও বহু মানুষ এখনও ত্রাণবঞ্চিত রয়েছেন। ফতেপুর গ্রামের ইমান আলী বলেন, “আমরা তিন দিন ধরে পানির মধ্যে আছি, কিন্তু কোনো সরকারি সাহায্য পাইনি।”

আরও পড়ুনঃ দেবহাটা উপজেলা ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

পাশের আরেকটি বাড়িতেও দেখা যায় একই অবস্থা—ঘরে অথই পানি, রান্না করতে না পারায় চিড়া-মুড়ি খেয়ে দিন পার করছেন তারা। এখন পর্যন্ত কেউ তাদের খোঁজখবর নেয়নি, কোনো ত্রাণ সহায়তাও মেলেনি।

ফতেপুর গ্রামের মতো আলোকদি, নাকাগাঁওসহ আরও অনেক এলাকায় মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের দাবি, তারা এখনো কোনো প্রকার সাহায্য পাননি। যেসব এলাকায় রাস্তা থেকে সহজে পৌঁছানো যায়, সেখানে ত্রাণ বিতরণ করা হলেও দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছায়নি।

তারা অনুরোধ জানিয়েছেন, যেন উপজেলা প্রশাসন তাদের খোঁজখবর নেয় এবং দ্রুত ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করে, কারণ বন্যার কারণে তারা সর্বস্ব হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।