― Advertisement ―

spot_img

নালিতাবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

জায়েদ মাহমুদ রিজন, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে...
প্রচ্ছদসারা বাংলাশ্বশুরবাড়িতে জুসে বিষ মিশিয়ে স্বামী হত্যার অভিযোগ, একমাসেও কাটেনি রহস্য

শ্বশুরবাড়িতে জুসে বিষ মিশিয়ে স্বামী হত্যার অভিযোগ, একমাসেও কাটেনি রহস্য

জায়েদ মাহমুদ রিজন, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে শ্বশুরবাড়িতে জুসের সঙ্গে বিষ মিশিয়ে স্বামী রিফাত মিয়াকে (১৮) হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী ছাবিহার বিরুদ্ধে। গত ২৯ আগস্ট সন্ধ্যায় শহরের আড়াইআনী মহল্লায় এ ঘটনা ঘটে। পরে ১ সেপ্টেম্বর সকালে ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় রিফাতের মৃত্যু হয়। তবে মৃত্যুর এক মাস পেরিয়ে গেলেও ঘটনার তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ন্যায়বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছে রিফাতের পরিবার।

রিফাত উপজেলার খালভাঙ্গা গ্রামের আব্দুল বারেকের ছেলে। প্রেমের সম্পর্কের সূত্র ধরে প্রায় এক বছর আগে শহরের বেপারিপাড়া এলাকার মাছ বিক্রেতা ছমেদ আলীর মেয়ে ছাবিহাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকেই তাঁদের দাম্পত্য জীবনে নানা বিরোধ চলছিল বলে দাবি পরিবারের।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট ছাবিহার বোন আশা বিষপান করে অসুস্থ হলে তাঁকে দেখতে স্ত্রীকে সঙ্গে নিয়ে হাসপাতালে যান রিফাত। এ সময় অসুস্থ আশার জন্য ম্যাঙ্গো জুস, পাউরুটি ও আপেল কেনেন তিনি। পরে শ্বশুরবাড়িতে কেউ না থাকায় রিফাত ও ছাবিহাকে ওই খাবারসহ বাড়িতে পাঠিয়ে দেন তাঁর শাশুড়ি।

পরিবারের দাবি, সন্ধ্যায় বাড়িতে ফিরে ছাবিহা একটি গ্লাসে জুস ঢেলে রিফাতকে খেতে দেন। জুস পান করার পরপরই অসুস্থ হয়ে পড়েন রিফাত। পরে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে রিফাত বিষপানের কথা জানান বলে দাবি স্বজনদের। একপর্যায়ে তিনি দৌড়ে পালিয়ে যান। রাতভর খোঁজাখুঁজির পর ভোরে শহরের একটি বেঞ্চ থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

স্বজনদের দাবি, উদ্ধারের পর রিফাত জানান, অসুস্থ হয়ে শ্বশুরবাড়িতে ফিরে গেলে তাঁকে মারধর করে বাইরে ফেলে রাখা হয়। পরে তাঁকে নালিতাবাড়ী ও ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১ সেপ্টেম্বর সকালে তাঁর মৃত্যু হয়।

রিফাতের পরিবারের দাবি, মৃত্যুর আগে তিনি স্ত্রী ছাবিহার দেওয়া জুস খাওয়ার পর অসুস্থ হওয়ার কথা জানিয়েছিলেন। এ-সংক্রান্ত একটি ভিডিও রেকর্ডও তাঁদের কাছে রয়েছে বলে জানান স্বজনরা।

রিফাতের মৃত্যুর পর তাঁর বাবা থানায় অভিযোগ করেন। তবে পুলিশ অপমৃত্যুর মামলা করেছে বলে অভিযোগ করেছে পরিবার। এ অভিযোগ অস্বীকার করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, রিফাতের স্বজনরাই প্রথমে বিষপানে আত্মহত্যার কথা জানিয়েছিলেন। ময়মনসিংহ হাসপাতালেও একই তথ্য দেওয়া হয়েছিল। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ শেরপুরে বেসরকারি হাসপাতাল দখলের অভিযোগ

এদিকে ন্যায়বিচারের দাবিতে শেরপুরের আদালতে অভিযোগ করেছেন রিফাতের বাবা। আদালত অভিযোগটি নথিভুক্ত করলেও এখনো কোনো আদেশ দেননি বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হরিদাস কর্মকার স্বপন।

অন্যদিকে রিফাতের স্ত্রী ছাবিহা ও তাঁর স্বজনেরা প্রথমদিকে বাড়িতে বিষপানের কথা স্বীকার করলেও পরে তা অস্বীকার করে রিফাতের ওপরই বিষপানের দায় চাপিয়েছেন বলে জানা গেছে।

ঘটনাটি নিয়ে রিফাতের পরিবারের অভিযোগ ও পুলিশের বক্তব্যে ভিন্নতা থাকায় তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে।