
আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে দ্বিতীয় পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সকালে অ্যালামনাইদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মিলনায়তনে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের এই আয়োজনের যথার্থতা সকলের বন্ধনের দর্শনে অনন্য। আত্ম-অনুসন্ধানের চিরন্তন যে প্রচেষ্টা, অবিরাম যে যাত্রা—তার নামই দর্শন। আমরা মানুষ; আমাদের সৃষ্টি কীভাবে হলো, পৃথিবীতে আমাদের কাজ কী, জীবনের শেষ যাত্রা কোথায়, মৃত্যুর পর কী ঘটে—এসব গভীর চিন্তার নামই দর্শন।”
আরও পড়ুনঃ ইবিতে ফুলকুঁড়ি আসরের বৃক্ষরোপণ কর্মসূচি ও মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত
তিনি আরও বলেন, “যারা আমাদের জাতিসত্তাকে হেয় করতে চায়, বিপন্ন করতে চায়, জাতীয় সংগীতকে অবমাননা করতে চায়, জাতীয় পতাকাকে অপমান করতে চায় কিংবা দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলে—তাদের সঙ্গে কোনো আপস নয়। এগুলোই দর্শনের মৌলিক শিক্ষা।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু। অনুষ্ঠানটি উদ্বোধন করেন দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিত্তুল মুনা হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক খন্দকার আমিনুল হক কাকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্য সচিব নজরুল ইসলাম মামুন।
দিনব্যাপী এ আয়োজনে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। স্মৃতিচারণ, মতবিনিময় এবং পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে পুনর্মিলনী উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।



