― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসএনসিপির সমাবেশে বোমা হামলার প্রতিবাদে জবিতে ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল

এনসিপির সমাবেশে বোমা হামলার প্রতিবাদে জবিতে ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় বোমা হামলার ঘটনার প্রতিবাদে এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সংগঠনটির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভাস্কর্য চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জবি ছাত্রশক্তির সদস্য সচিব শাহিন মিয়া বলেন, “সাভারে জুলাই পদযাত্রায় বোমা হামলার ঘটনা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই প্রতিফলন। কেন বারবার জুলাই আন্দোলনের নেতাদের লক্ষ্য করে হামলা হচ্ছে, সে বিষয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “অন্য বিষয় নিয়ে ব্যস্ত না থেকে জননিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।”

আরও পড়ুনঃ হলের সেশন ফি ৬ হাজার টাকায় নামানোর দাবি তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

জবি ছাত্রশক্তির মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, “জুলাই পদযাত্রায় বোমা হামলা প্রমাণ করে সরকার জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। জনসভা চলাকালে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে হামলা চালানোর ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।”

তিনি আরও বলেন, “আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। যারা মনে করছে বোমা হামলার মাধ্যমে জুলাই আন্দোলনের নেতাকর্মীদের ভয় দেখানো যাবে, তারা ইতিহাসের শিক্ষা থেকে কিছুই নেয়নি।”

সমাবেশ শেষে নেতাকর্মীরা বোমা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।