― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজুলাই গণঅভ্যুত্থান দীর্ঘদিনের স্বৈরশাসনের চূড়ান্ত পরিণতি: জাহেদ উর রহমান

জুলাই গণঅভ্যুত্থান দীর্ঘদিনের স্বৈরশাসনের চূড়ান্ত পরিণতি: জাহেদ উর রহমান

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়; এটি দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, দমন-পীড়ন ও গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতার চূড়ান্ত পরিণতি। তিনি বলেন, গণঅভ্যুত্থানকে ঘিরে বর্তমান সময়ে যে বিতর্ক ও বিভাজন দেখা যাচ্ছে, তা আগেই অনুমান করা হয়েছিল।

বুধবার (৮ জুলাই) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ‘মননে জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে নানা ধরনের মতপার্থক্য, বিতর্ক বা হতাশা সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়। এসব বাস্তবতা মেনে নিয়েই গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের আরব বসন্ত-পরবর্তী পরিস্থিতির তুলনায় বাংলাদেশ অনেক ভালো অবস্থানে রয়েছে। সিরিয়া, লিবিয়া ও ইয়েমেনে সরকারবিরোধী আন্দোলনের পর গৃহযুদ্ধ শুরু হলেও বাংলাদেশে সে ধরনের পরিস্থিতি তৈরি হয়নি। শেখ হাসিনা সরকারের পতনও হঠাৎ ঘটেনি; বরং দীর্ঘদিন ধরে বিরোধী রাজনৈতিক দল, গুম হওয়া ব্যক্তিদের স্বজন, মানবাধিকারকর্মী এবং সাধারণ মানুষের ধারাবাহিক প্রতিরোধের ফলেই এ পরিবর্তন এসেছে।

উপদেষ্টা বলেন, বছরের পর বছর মামলা, কারাবাস, গুম, নির্যাতন, সম্পত্তি দখল এবং জীবিকা হারানোর মতো কঠিন পরিস্থিতির মধ্যেও অসংখ্য মানুষ আন্দোলন চালিয়ে গেছেন। তাদের এই আত্মত্যাগ ও প্রতিরোধই স্বৈরশাসনকে দুর্বল করেছে এবং জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক মত ও চিন্তার উদ্ভব হলেও আন্দোলনের অভিন্ন দাবি ছিল স্বৈরশাসনের অবসান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা। তিনি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ধারাবাহিকতা বজায় রেখে এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান, যেখানে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচারের পুনরাবৃত্তি হবে না।

আরও পড়ুনঃ এনসিপির সমাবেশে বোমা হামলার প্রতিবাদে জবিতে ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল

বিশেষ অতিথির বক্তব্যে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন বলেন, শেখ হাসিনা সরকারের সময়ে শুধু রাজনীতিবিদ নন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গুমের শিকার হয়েছেন। তবে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে সেই গুমের রাজনীতির অবসান ঘটেছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং ‘মায়ের ডাক’–এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেন, “শেখ হাসিনা শুধু রাজনীতিবিদদেরই নয়, পুরো বাংলাদেশকেই যেন গুম করে রেখেছিলেন। পেশাজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিপীড়নের শিকার হয়েছেন। জুলাই আন্দোলনের মধ্য দিয়েই সেই অধ্যায়ের সমাপ্তি ঘটেছে।”

ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহ নিস্তার জাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।