― Advertisement ―

spot_img

প্রতিষ্ঠার ১৫ বছর পর প্রথম ট্রেজারার পেল বুটেক্স

বুটেক্স প্রতিনিধিঃ প্রতিষ্ঠার প্রায় ১৫ বছর পর প্রথমবারের মতো ট্রেজারার (কোষাধ্যক্ষ) নিয়োগ পেয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)। বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শিক্ষা...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসপ্রতিষ্ঠার ১৫ বছর পর প্রথম ট্রেজারার পেল বুটেক্স

প্রতিষ্ঠার ১৫ বছর পর প্রথম ট্রেজারার পেল বুটেক্স

বুটেক্স প্রতিনিধিঃ প্রতিষ্ঠার প্রায় ১৫ বছর পর প্রথমবারের মতো ট্রেজারার (কোষাধ্যক্ষ) নিয়োগ পেয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)। বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারীকে।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তিনি ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের ২৭ ডিসেম্বর ২০২০ তারিখের ২৬৭ নম্বর প্রজ্ঞাপনের বিধান অনুযায়ী তিনি মাসিক সম্মানী পাবেন। পাশাপাশি প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এর ধারা ১৩-এর উপধারা (৩), (৫), (৬), (৭) ও (৮) অনুযায়ী তিনি দায়িত্ব পালন করবেন। প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

বর্তমানে মো. মাহবুবুল হক পাটোয়ারী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা প্রশাসনে দীর্ঘদিনের অভিজ্ঞতার পাশাপাশি তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুনঃ বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

নিয়োগের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “ক্যাম্পাসে এসে আনুষ্ঠানিকভাবে যোগদানের পর এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেব। বর্তমানে এ নিয়ে কিছু বলতে চাচ্ছি না। তবে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। আশা করছি, আগামী ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে ট্রেজারার হিসেবে যোগদান করতে পারব।”

বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন এ নিয়োগকে বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “ট্রেজারার নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা, জবাবদিহিতা ও কাঠামোগত শৃঙ্খলা আসবে। সময়ভিত্তিক ও খাতওয়ারি বাজেট প্রণয়ন এবং আর্থিক পরিকল্পনায় ট্রেজারার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এতে প্রশাসনিক ও আর্থিক চাপ কমবে এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও উন্নয়নমূলক কার্যক্রমে আরও বেশি মনোযোগ দেওয়া সম্ভব হবে।”

উল্লেখ্য, ২০১০ সালে কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পর দীর্ঘদিন ধরে বুটেক্সে ট্রেজারার পদটি শূন্য ছিল। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ১৫ বছর পর এবারই প্রথম এ পদে স্থায়ীভাবে ট্রেজারার নিয়োগ দেওয়া হলো।