spot_img

― Advertisement ―

spot_img

আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, কর্মীদের হুমকি-ধমকি ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনে ১১ দলীয় জোটের প্রার্থী...
প্রচ্ছদসারা বাংলাজোরপূর্বক কাজ করানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, এলাকাবাসীর বিক্ষোভ

জোরপূর্বক কাজ করানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, এলাকাবাসীর বিক্ষোভ

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে জোরপূর্বক কাজ করানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিপন আহমেদ (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজন ও এলাকাবাসী বিচারের দাবিতে বিক্ষোভ করেন। দুর্ঘটনার পর থেকে অভিযুক্ত আলম ও তার স্ত্রী লিপি পলাতক রয়েছে।

শনিবার (২৩ আগস্ট) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিপন মারা যান। নিহত শিপন পৌর শহরের জগতপুর গ্রামের মৃত মন্তাজ আহমেদের ছেলে। তিনি এক সন্তানের জনক এবং তার স্ত্রী বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিপন বালুয়া চৌমুহনী বাজারে আলম ও লিপির একটি দোকান ভাড়া নিয়ে এসএস (স্টেশনারি) ব্যবসা করতেন। সম্প্রতি মালিকপক্ষ দোকান ছাড়ার জন্য চাপ সৃষ্টি করে এবং জোরপূর্বক তাদের বসতবাড়ির ছাদে কাজ করতে বাধ্য করে। বুধবার (২০ আগস্ট) কাজ করার সময় শিপন বিদ্যুৎস্পৃষ্ট হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদের ঠিক এক হাত উপরে ছিল ৪ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক লাইন। বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই তাকে সেখানে কাজ করতে পাঠানো হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ছাদেই পড়ে যান। গুরুতর আহত অবস্থায় প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকায় নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

স্থানীয় ব্যবসায়ী কালু মিয়া বলেন, “ঘটনার আগের দিন শিপন বলেছিল, দোকানের মালিক জোর করছে কাজ করতে, না করলে দোকান ছাড়তে হবে। আমি তাকে বলেছিলাম—ঝুঁকি থাকলে কাজ করিস না।”

আরও পড়ুনঃ ইবিতে অ্যাকাউন্টিং ক্লাবের নতুন কমিটি; নেতৃত্বে সাগর-মাহমুদ

নিহতের স্ত্রী মিতু আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামীকে জোর করে কাজ করানো হয়েছিল। আমার ছোট একটি সন্তান আছে, আর আমি আট মাসের অন্তঃসত্ত্বা। এখন আমি কীভাবে বাঁচব?”

এদিকে নিহতের পরিবার অভিযোগ করেছে, “এটি কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এতে শিপনের পরিবার নিঃস্ব হয়ে গেল।”

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী বলেন, “ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”