― Advertisement ―

spot_img

রায়পুরে ক্লাস চলাকালে ছাদের ভিম ধসে আহত ৫ ছাত্রী

রুবেল গাজী, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ক্লাস চলাকালে স্কুল ভবনের ছাদের পলেস্তারা ও ভিমের একাংশ ধসে পড়ে পাঁচ ছাত্রী আহত হয়েছে। বুধবার...
প্রচ্ছদসারা বাংলারায়পুরে ক্লাস চলাকালে ছাদের ভিম ধসে আহত ৫ ছাত্রী

রায়পুরে ক্লাস চলাকালে ছাদের ভিম ধসে আহত ৫ ছাত্রী

রুবেল গাজী, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ক্লাস চলাকালে স্কুল ভবনের ছাদের পলেস্তারা ও ভিমের একাংশ ধসে পড়ে পাঁচ ছাত্রী আহত হয়েছে। বুধবার দুপুর আনুমানিক দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাটি রায়পুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে ঘটে। প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শিক্ষার্থীরা ক্লাসে পাঠ নিচ্ছিল। হঠাৎ বিকট শব্দে ছাদের একটি অংশ ভেঙে শিক্ষার্থীদের ওপর পড়ে। এতে শ্রেণিকক্ষে তাৎক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা ছোটাছুটি শুরু করে।

আহতরা সবাই ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তাদের মধ্যে নাদিয়া, ঋতু বণিক ও সামিয়ার নাম জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান পাশা জানান, হঠাৎ করেই ছাদের ভিমের একটি অংশ ধসে পড়ে এবং এতে পাঁচজন ছাত্রী আহত হয়। দুর্ঘটনার পরপরই তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ রুনা হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশ সুপার কার্যালয় ঘেরাও

ঘটনার পর অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। তাদের অভিযোগ, বিদ্যালয় ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। যথাযথ সংস্কার না করায় এ দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত ভবন সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা আপাতত শঙ্কামুক্ত রয়েছে। কয়েকজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি স্থানীয় প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।