― Advertisement ―

spot_img

রায়পুরে মর্মান্তিক হত্যাকাণ্ড: মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত আরেক মেয়ে

রুবেল গাজী, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডে মা ও তার দুই মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন...
প্রচ্ছদসারা বাংলারায়পুরে মর্মান্তিক হত্যাকাণ্ড: মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত আরেক...

রায়পুরে মর্মান্তিক হত্যাকাণ্ড: মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত আরেক মেয়ে

রুবেল গাজী, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডে মা ও তার দুই মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরেক কন্যাসন্তান।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা আক্তার (২১) এবং ছোট মেয়ে শিফা আক্তার (৯)। গুরুতর আহত হয়েছেন শাহিনুরের মেজো মেয়ে ইকরা আক্তার (১৭)। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিনুর বেগমের স্বামী মো. কামালের মৃত্যু হয়। এরপর থেকে তিনি তিন মেয়েকে নিয়ে রায়পুরের ওই বাসায় বসবাস করছিলেন। বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তরা বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে শাহিনুর বেগম ও তার তিন মেয়ে গুরুতর আহত হন। পরে শাহিনুর, সায়মা ও শিফাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত ইকরাকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠানো হয়।

ঘটনার পর স্থানীয় জনতা জড়িত থাকার সন্দেহে এক যুবককে আটক করে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে উত্তেজিত জনতার ছোড়া ইটপাটকেলে পুলিশের ৬ থেকে ৭ জন সদস্য আহত হন।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম জানান, হাসপাতালে মোট পাঁচজনকে আনা হয়েছিল। তাদের মধ্যে মা ও দুই মেয়েকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত আরেক মেয়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহত ও আহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া গণপিটুনির শিকার এক যুবকও চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ সংগীতকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে: ববি হাজ্জাজ

রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুর রাশেদ বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিহতদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলায় হলেও দীর্ঘদিন ধরে তারা রায়পুরে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।