
ইকরাম হাছান, তিতুমীর কলেজ প্রতিনিধিঃ রাজধানীর সাতটি সরকারি কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সূচি ঘোষণা করা হয়েছে।
রোববার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে ভর্তি পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি পরে প্রকাশ করা হবে বলে জানা গেছে।
আগামী ১০ জুন থেকে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে ২০ জুন পর্যন্ত। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এছাড়া আগামী ৫ জুলাই থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
প্রথমবারের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ।
আরও পড়ুনঃ রায়পুরায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা—এই ইউনিটগুলোর আওতায় বিভিন্ন বিভাগে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ওয়েবসাইট-এ। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। এছাড়া আবেদনের যোগ্যতা, ইউনিটভিত্তিক বিস্তারিত তথ্য ও ভর্তি নির্দেশিকাও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।



