― Advertisement ―

spot_img

ঢাকাসহ ২০ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, সতর্ক সংকেত জারি

দেশের বিভিন্ন অঞ্চলে শনিবার দুপুরের মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা...
প্রচ্ছদসারা বাংলাচাঁপাইনবাবগঞ্জে বিসিক উদ্যোক্তা মেলার পর্দা নামল, বিক্রি ৩৫ লাখ টাকা

চাঁপাইনবাবগঞ্জে বিসিক উদ্যোক্তা মেলার পর্দা নামল, বিক্রি ৩৫ লাখ টাকা

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে দশদিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শেষ হয়েছে, যেখানে মোট ৩৫ লাখ ৭০ হাজার টাকার পণ্য বিক্রি হয়েছে। ৫০টি স্টলে উদ্যোক্তারা খাদ্যপণ্যসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মেলার শেষ দিনে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মো. আবু হোসেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯ ফেব্রুয়ারি বিকেলে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের নিয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এই মেলার আয়োজন করে। মেলার মাধ্যমে উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য বিক্রির পাশাপাশি পরিচিতি বাড়ানোর সুযোগ পান। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের উদ্যোক্তা হওয়ার প্রতি উৎসাহিত করাও ছিল এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মো. আবু হোসেন জানান, “মেলায় ৩৫ লাখ ৭০ হাজার টাকার পণ্য বিক্রি হয়েছে এবং উদ্যোক্তারা অনলাইনে ও অফলাইনে অগ্রিম অর্ডার পেয়েছেন ৮ লাখ ২০ হাজার টাকার। উদ্যোক্তারা বিক্রিতে সন্তুষ্ট এবং মেলা ব্যাপক সাড়া পেয়েছে।”

তিনি আরও বলেন, “মেলায় পাটজাত, চামড়াজাত পণ্য, পোশাক, ফ্যাশনওয়্যার, হ্যান্ডিক্রাফটস, মৃৎশিল্প, কসমেটিকস, গৃহস্থালী সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যসহ স্বদেশি পণ্যের সমাহার ঘটে। জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের পুরাতন স্টেডিয়ামে মেলার আয়োজন করা হয়।”

আরও পড়ুনঃ কুয়াকাটায় পর্যটন ব্যবসায় মন্দাভাব, রমজানে কাপড় ও কসমেটিক ব্যবসায়ীদের আশার আলো

মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. আবু হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। এছাড়া বিসিক প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (বিপণন বিভাগ) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাকিব হাসান তরফদার বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুর রহিম।

সমাপনী দিনে উদ্যোক্তাদের মধ্যে বরেন্দ্র কৃষি উদ্যোগ প্রথম স্থান এবং ফজলি-৭ দ্বিতীয় স্থান অধিকার করেছে। উদ্যোক্তারা এই ধরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে মেলার আয়োজনের আহ্বান জানিয়েছেন।