
আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী প্রাপ্য দাস উৎস এবং সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী স্নেহা সাহাকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক শেখ মো. গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মে সমাজকর্ম বিভাগের একটি শ্রেণিকক্ষে দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি ও সামাজিক শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত অবস্থায় দেখা যায়। পরবর্তীতে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরও বলা হয়, তাদের কর্মকাণ্ড দেশের প্রচলিত আইন, সামাজিক মূল্যবোধ এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা নীতিমালার পরিপন্থী হওয়ায় প্রাথমিকভাবে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ জাতীয় সংসদে বুটেক্সের দুই গ্র্যাজুয়েট, বিশ্ববিদ্যালয়ে সংবর্ধনা
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, দুই বিভাগের দুজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র পরিহিত অবস্থায় শ্রেণিকক্ষে একটি রিলস ভিডিও তৈরি করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির সঙ্গে সম্পৃক্ত হওয়ায় প্রশাসন সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।



