
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কাছে আবেদন জানিয়েছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ১৭৩ জন আইনজীবী। সোমবার (২৭ এপ্রিল) দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা এ তথ্য নিশ্চিত করেন।
বিবৃতিতে আইনজীবীরা বলেন, জাতীয় সংসদে পাস হওয়া ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) বিল-২০২৬’-এর মাধ্যমে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যা সংবিধানের ৩৮ অনুচ্ছেদসহ মৌলিক অধিকারের পরিপন্থী। তাদের মতে, এ ধরনের সিদ্ধান্ত গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।
তারা আরও উল্লেখ করেন, ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, গণ-অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী একটি দলকে যথাযথ বিচারিক প্রক্রিয়া ছাড়া নিষিদ্ধ করা প্রাকৃতিক ন্যায়বিচারের নীতির লঙ্ঘন। এতে দেশের রাজনৈতিক ইতিহাস ও গণতান্ত্রিক ধারাবাহিকতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
আরও পড়ুনঃ বাজেট পেয়েও থেমে আছে পুকুর সংস্কার, ভোগান্তিতে স্থানীয়রা
আইনজীবীরা বলেন, বাংলাদেশ নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তির স্বাক্ষরকারী দেশ হওয়া সত্ত্বেও নতুন এই আইনের মাধ্যমে আন্তর্জাতিক বাধ্যবাধকতা ক্ষুণ্ন হয়েছে। তাদের মতে, এটি দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতেই জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে এ আবেদন করা হয়েছে। কক্সবাজার জেলা আইনজীবীদের স্বাক্ষরিত এ আবেদনে তারা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।
আইনজীবীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, এ নিষেধাজ্ঞা বহাল থাকলে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।



