― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলাবিয়ের সাড়ে তিন মাসের মাথায় সন্তান প্রসব, স্ত্রীকে তালাক

বিয়ের সাড়ে তিন মাসের মাথায় সন্তান প্রসব, স্ত্রীকে তালাক

রুবেল গাজী, রায়পুর প্রতিনিধি, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের সাড়ে তিন মাসের মাথায় এক গৃহবধূর সন্তান প্রসবের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে তাঁকে তালাক দিয়েছেন স্বামী। অন্যদিকে, ওই গৃহবধূ তাঁর মামাতো ভাইকে ঘটনার জন্য দায়ী করে তাঁর সঙ্গে বিয়ে এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

গত ১১ নভেম্বর স্ত্রীকে তালাকনামা পাঠান স্বামী মিরাজ হোসেন (২৫)। ঘটনাটি উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ জুলাই চরলক্ষ্মী আখনবাজার এলাকার এক তরুণীর সঙ্গে চরকাছিয়া গ্রামের বায়রাঘাট এলাকার সাহেব আলী মালের ছেলে মিরাজ হোসেনের বিয়ে হয়। পেশায় নৌকার মাঝি মিরাজের সঙ্গে বিয়ের আগে ওই তরুণী স্থানীয় একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতেন।

বিয়ের প্রায় সাড়ে তিন মাসের মাথায় গত ৩১ অক্টোবর লক্ষ্মীপুর সদর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন ওই গৃহবধূ। বিয়ের তারিখ ও সন্তান জন্মের সময়ের ব্যবধান নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়। এরই মধ্যে গত ১১ নভেম্বর স্ত্রীকে তালাকনামা পাঠান মিরাজ।

আরও পড়ুনঃ জবিতে আ.লীগ ও ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ কর্মকর্তা আটক

ওই গৃহবধূর অভিযোগ, তাঁর বর্তমান পরিস্থিতির জন্য আপন মামাতো ভাই ও প্রসাধনী ব্যবসায়ী আবুল খায়ের দায়ী। বর্তমানে তিনি বাবার বাড়িতে অবস্থান করছেন। আবুল খায়েরের সঙ্গে বিয়ে এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি। তবে ঘটনার পর থেকে আবুল খায়েরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর পরিবারের সদস্যরাও এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।

স্বামী মিরাজ হোসেন বলেন, বিয়ের অল্প সময়ের মধ্যে সন্তান প্রসবের বিষয়টি জানার পর খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন, তাঁর স্ত্রীর মামাতো ভাই আবুল খায়ের এ ঘটনার সঙ্গে জড়িত। এ কারণে তিনি স্ত্রীকে তালাক দিয়েছেন।

দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সদস্য মাহমুদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি মীমাংসার জন্য উভয় পরিবারের সদস্যদের নিয়ে রোববার বিকেলে তাঁর কার্যালয়ে সালিশ বৈঠক ডাকা হয়েছে।