
মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে চলমান জ্বালানি তেল সংকটের মধ্যে সাধারণ মানুষ যখন ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় তেল সংগ্রহে হিমশিম খাচ্ছেন, তখন নগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকার একটি ফিলিং স্টেশন থেকে বিআরটিসি বাসে অতিরিক্ত তেল নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।
অভিযোগের সত্যতা যাচাই করতে সোমবার ভোরে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজশাহী-নওগাঁ রুটে চলাচলকারী একটি বিআরটিসি বাসে প্রথমে ট্যাংকি পূর্ণ করা হয়। পরে বাসের সুপারভাইজারের নির্দেশে হেলপার কয়েকটি বড় জার নিয়ে এসে পাম্পের পেছনে রাখেন।
ট্যাংকি পূর্ণ হওয়ার পর সেই জারগুলোতেও তেল ভরা হয়। পরবর্তীতে বাসের সাইড বক্স খুলে আরও কয়েকটি জার্কিন বের করে সেগুলোতেও পর্যায়ক্রমে তেল নেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ঘটনাটি জানানো হলে প্রথমে পাম্প কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেন। তবে তেল নেওয়ার ছবি দেখানোর পর তারা বিষয়টি এড়িয়ে যান এবং কোনো কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি। পরে পুলিশকে অবহিত করা হলে ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট বাসের হেলপারের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন। পাম্প কর্তৃপক্ষ দাবি করে, তারা বিষয়টি জানতেন না এবং এরই মধ্যে প্রায় ৬০ লিটার তেল নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ইয়ুথ লিডারশিপ ওয়ার্কশপের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত
তবে উপস্থিত পুলিশ কর্মকর্তার বক্তব্যে বিষয়টি গুরুত্ব না পাওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, অনিয়মের সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এদিকে সংশ্লিষ্ট বাসটি স্থানীয় এক কাউন্সিলর পদপ্রার্থীর তত্ত্বাবধানে পরিচালিত বলে জানা গেলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, “ঘটনাটি আমাদের জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”



