― Advertisement ―

spot_img

ঢাবিকে হারিয়ে আন্তবিশ্ববিদ্যালয় বিতর্কে চ্যাম্পিয়ন বুটেক্স

বুটেক্স প্রতিনিধি: আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বিতর্ক দল ‘বুটেক্সডিসি বুনন’। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা আয়োজিত...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসঢাবিকে হারিয়ে আন্তবিশ্ববিদ্যালয় বিতর্কে চ্যাম্পিয়ন বুটেক্স

ঢাবিকে হারিয়ে আন্তবিশ্ববিদ্যালয় বিতর্কে চ্যাম্পিয়ন বুটেক্স

বুটেক্স প্রতিনিধি: আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বিতর্ক দল ‘বুটেক্সডিসি বুনন’। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে পরাজিত করে শিরোপা জেতে দলটি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার পাশাপাশি ‘আগামীর বাংলাদেশ: তারুণ্যের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে ব্র্যাক, ইউএনডিপি বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্ম ও এঞ্জেলস বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনা সঞ্চালনা করেন বন্ধুসভার বিতর্ক ও অনুষ্ঠান সম্পাদক এসএম কামরুল ইসলাম।

সংসদীয় ধারার এ প্রতিযোগিতার প্রথম পর্বে আটটি দল অংশ নেয়। সেখান থেকে চারটি দল পরবর্তী পর্বে উন্নীত হয়। পরবর্তী পর্বের দুই বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হয়। চূড়ান্ত পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে পরাজিত করে বুটেক্সডিসি বুনন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন বুটেক্সের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহমুদুল হাসান, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাদ আল আশরাফি এবং ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ শহিদুল ইসলাম। ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শহিদুল ইসলাম।

বুটেক্স ডিবেটিং ক্লাবের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটির এটি প্রথম সাফল্য। বড় মঞ্চে বুটেক্সকে তুলে ধরতে পারা এবং প্রতিযোগিতামূলক বিতর্কে বুটেক্স ডিবেটিং ক্লাবের জয়ের ধারা অব্যাহত রাখতে পারায় আমি গর্বিত।”

আরও পড়ুনঃ জবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদল নেতা রফিকুলের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ

সাধারণ সম্পাদক সাদ আল আশরাফি বলেন, “নিজের বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে বিজয় অর্জন করা সব সময়ই গর্ব ও সৌভাগ্যের বিষয়। এই সাফল্য শুধু তিনজন বিতার্কিকের নয়; ক্লাবের সদস্য, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষী সবার।”

ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “বুটেক্সডিসির জন্য কিছু করতে পারা সত্যিই এক অনন্য অনুভূতি। জাতীয় পর্যায়ে নিজের বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করা অত্যন্ত গর্বের বিষয়।”

অনুষ্ঠানে ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান, ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশন্স মো. আব্দুল কাইয়ুম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাশেদা রওনক খানসহ সংশ্লিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। পরে চূড়ান্ত পর্বের বিতার্কিক ও বিচারকদের সম্মাননা প্রদান করা হয়।